
নিজস্ব প্রতিবেদকঃফারজানা আক্তার
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ডিবেট ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার এবং একাডেমিক অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত অংশগ্রহণ, বুদ্ধিদীপ্ত বিতর্ক এবং জ্ঞানের প্রতিযোগিতায় মুখরিত ছিল পুরো আয়োজন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল Academic Achievement Award প্রদান। প্রতিটি সেমিস্টারের শিক্ষার্থীদের মধ্য থেকে দুটি বিশেষ ক্যাটাগরিতে—Best Attendance ও Best Academic Result—এই সম্মাননা প্রদান করা হয়। শিক্ষার্থীদের অধ্যবসায়, নিয়মানুবর্তিতা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবেই এ পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন প্রফেসর তোতিউর রহমান, বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর শামসুল আলম এবং হিউম্যানিটিজ অনুষদের ডিন প্রফেসর শফিউল আলম।
বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, জ্ঞানচর্চা ও নেতৃত্বগুণ বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। মাননীয় উপাচার্য তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে বলেন, “তরুণ শিক্ষার্থীরাই আগামী দিনের কর্ণধার; এই প্রজন্মই ভবিষ্যৎ পৃথিবীর প্রতিনিধিত্ব করবে। তরুণদের উদ্যম ও স্বপ্নই জাতির অগ্রযাত্রার শক্তি।”
অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আইন বিভাগের সম্মানিত শিক্ষক জনাব অনুপম গোপ এবং মোছা: সাথী মনি। ডিবেট প্রোগ্রামে বিচারক হিসেবে দায়িত্ব পালনকারী আইন বিভাগের শিক্ষকদের সম্মাননা স্বরূপ সার্টিফিকেট প্রদান করেন মাননীয় উপাচার্য মহোদয়।
এছাড়াও অনুষ্ঠানের এক পর্যায়ে আইন বিভাগের নবীন দুই শিক্ষক মাইশা নাওয়ার এবং মোঃ শওকত আলম ফয়সালকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়, যা পুরো আয়োজনকে আরও উষ্ণ ও আনন্দঘন করে তোলে।
অনুষ্ঠানের শেষপর্বে বিজয়ীদের মাঝে ট্রফি, মেডেল, সার্টিফিকেট ও আকর্ষণীয় উপহার প্রদান করা হয়, যা পুরো পরিবেশকে গৌরব ও আনন্দে ভরিয়ে তোলে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান এ কে এম সোহেল হাবিব নওরোজ। দক্ষ ও প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন প্রভাষক মাইশা নাওয়ার এবং মোঃ শওকত আলম ফয়সাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ মাহমুদুল হাসান খান।
এই আয়োজন শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।